মুম্বাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর চলতি মরসুমে বড় পরিবর্তন ঘটল মুম্বাই ইন্ডিয়ান্স দলে। চোটের কারণে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে হারাল দল। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যান্টনার বাঁ কাঁধে চোট পাওয়ায় চলতি মরসুম থেকে ছিটকে গেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে বাউন্ডারির কাছে ক্যাচ নেওয়ার সময় তিনি এই চোট পান।তাঁর পরিবর্তে কেশব মহারাজকে দলে নেওয়া হয়েছে। অভিজ্ঞ এই স্পিনারকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মহরাজ সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অংশ নিয়েছিলেন। এর আগে তিনি ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে দুটি ম্যাচ খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য স্পিনার হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় রয়েছেন।২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২১ টি২০ বিশ্বকাপের দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যদিও তখন পর্যন্ত তিনি কোনো আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। পরবর্তীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই বল হাতে উইকেট তুলে নেন তিনি।৩৬ বছর বয়সি এই স্পিনার টেস্টে ৬২ ম্যাচে ২১৮ উইকেট, একদিনের ক্রিকেটে ৫৬ ম্যাচে ৭৩ উইকেট এবং টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪ ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন। আইপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচে দুটি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।আইপিএলের বাইরে তিনি দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন।








