কলকাতা: নির্বাচন কমিশনের কাজে খুশি শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময় বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন। খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিক ভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।” দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে বেরোলেন দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তিনি দাবি করেন, “এখনও পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। আমিও দুর্গাপুর পূর্ব বিধানসভার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাব। ভোটারদের সাথে কথা বলবো। তাদের যদি কোনও সমস্যা হয় সেই নিয়েও প্রতিবাদ করব।” নানুর পাপুড়ি প্রাথমিক বিদ্যালয় এ ভোট দিলেন কাজল শেখ। তিনি হাসন বিধানসভার প্রার্থীও। বাবরি বিতর্ক সঙ্গে নিয়ে ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে সোমপাড়া ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বুথে ভোট দেন তিনি। বৃহস্পতিবার শুরু প্রথম দফার ভোট। মোক পোলের পর বুথে বুথে লাইন পড়েছে ভোটারদের। সকাল সকাল ভোট। বাড়ির সামনে বুথে দিনের প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে দিন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না এই আসনের তৃণমূল প্রার্থী। বাড়ির সামনে পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলের ১৮/১৯৭ নম্বর বুথে মা-কে নিয়ে সপরিবারে ভোট দিলেন স্বপ্না বর্মন। ৭২০ জন ভোটার রয়েছেন এই বুথে। সকাল সকাল ভোট দিতে বুথে উপস্থিত হয়ে ছিলেন সোনার মেয়ে তৃণমূল প্রার্থী স্বপ্না। মাকে সঙ্গে নিয়ে বুথের প্রথম ভোটটিই দিলেন স্বপ্না বর্মন। মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’ সাতসকালে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পরিবেশ শান্তিপূর্ণ। কিন্তু বেলা গড়াতেই অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোট চলাকালীন শুভেন্দুর পোলিং এজেন্ট এবং মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওসির অপসারণের দাবি তুললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। জানালেন, ইতিমধ্যেই ফোনে ঘটনার কথা সিইও মনোজ আগরওয়ালকে জানিয়েছেন তিনি।









