শিলিগুড়ি: উত্তরকন্যায় দপ্তরের দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিসিথ প্রামাণিক শনিবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বৈঠকে তিনি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।
বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকের শুরুতেই মন্ত্রীকে দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিকরা স্বাগত জানান।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিসিথ প্রামাণিক স্পষ্টভাবে জানান, অতীতে যেসব ব্যক্তি বা সংস্থা নিম্নমানের কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন কাজে কোনোভাবেই অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, দালালচক্র, মধ্যস্বত্বভোগী বা কোনো ধরনের অনিয়মকারী গোষ্ঠীর জন্য দপ্তরে কোনো জায়গা থাকবে না। যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানে কাজ করা হবে এবং জনস্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।










