সাংসদ রাজু বিস্তা-র কাছে কূটনৈতিক হস্তক্ষেপের দাবি
দার্জিলিং: ইসরায়েলে কেয়ারগিভার হিসেবে কর্মরত কালিম্পংয়ের বাসিন্দা রাজীব আচার্যের মৃত্যুর ঘটনায় অবিলম্বে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-র কাছে আর্জি জানিয়েছে ‘গোর্খা ইয়ুথ অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক’ (জ্ঞান)। শুক্রবার সকালে ‘জ্ঞান’-এর প্রধান আহ্বায়ক তথা আইনজীবী বীরেন্দ্র রাসাইলির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাংসদ বিস্তা-র কার্যালয়ে গিয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক চিঠি প্রদান করে।
কালিম্পং জেলার কাফলে গ্রামের (লোয়ার ইচ্ছে বস্তি) বাসিন্দা ৩৮ বছর বয়সী রাজীব আচার্য গত ২৩ জুলাই ইসরায়েলে মারা যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজীব আচার্যের কথিত হত্যাকাণ্ডের ঘটনায় জেরুজালেম জেলা আদালতে ৩১ বছর বয়সী আভিওর জাকেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইসরায়েলের বিচার প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করে সংশ্লিষ্ট সংস্থাটি নিহতের পরিবারকে যথাযথ আইনি সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছে।
সংস্থাটি সাংসদ রাজু বিস্তাকে অনুরোধ জানিয়েছে যেন তিনি বিদেশ মন্ত্রক ও ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারকে বিমার অর্থ, ক্ষতিপূরণ এবং শ্রম অধিকার-জনিত সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি, ইসরায়েলে কর্মরত ভারতীয় গোর্খা যুবকদের জন্য একটি জরুরি হেল্পলাইন, স্বেচ্ছায় নিবন্ধন ব্যবস্থা এবং বিদেশ যাত্রার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা চালুর জন্যও অনুরোধ করা হয়েছে। এই চিঠির অনুলিপি বিদেশমন্ত্রী, বিদেশ সচিব এবং কালিম্পং-এর জেলাশাসকের কাছেও পাঠানো হয়েছে।










