ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের জয়

IMG-20260420-WA0060

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটি ও লিভারপুল রোমাঞ্চকর জয় অর্জন করেছে। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে আর্সেনাল-কে পরাজিত করে।
লিগ শিরোপার দৌড়ে এগিয়ে থাকা এই দুই দলের ম্যাচে প্রত্যাশামতোই দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫৯ শতাংশ বল দখলে রেখে খেলতে থাকা সিটি শুরুতেই এগিয়ে যায়। রায়ান চের্কি ১৬তম মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন, তবে আর্সেনালও দ্রুত সমতা ফেরায়। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে কাই হাভার্টজ ১৮তম মিনিটে গোল করে স্কোর ১-১ করেন।
প্রথমার্ধ পর্যন্ত খেলা সমতায় ছিল। এরপর দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আবার এগিয়ে যায়। তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড ৬৫তম মিনিটে গোল করে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত নির্ণায়ক হয়। ম্যাচে আর্সেনাল ভাগ্যের সহায়তা পায়নি এবং বেশ কিছু ভালো সুযোগ হাতছাড়া করে। এই পরাজয়ের পরও আর্সেনাল ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৬৭। ফলে শিরোপার লড়াই এখন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
অন্যদিকে, লিভারপুল শেষ মুহূর্তের গোলে এভারটন-কে ২-১ ব্যবধানে হারায়। এই অ্যাওয়ে ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে খেলা লিভারপুলের হয়ে প্রথম গোল করেন অভিজ্ঞ মোহাম্মদ সালাহ, ২৯তম মিনিটে। প্রথমার্ধে দলটি ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল ঘুরে দাঁড়ায়। বেটো ৫৪তম মিনিটে গোল করে স্কোর ১-১ করেন। বাকি সময়ে দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও ম্যাচটি ড্র হতে চলেছিল।
কিন্তু ইনজুরি টাইমের দশম মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে লিভারপুলকে নাটকীয় জয় এনে দেন। এই জয়ে লিভারপুল ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এভারটন ৪৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।
প্রীমিয়ার লিগের অন্যান্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ৪-১ গোলে বার্নলি-কে এবং অ্যাস্টন ভিলা ৪-৩ গোলে সান্ডারল্যান্ড-কে পরাজিত করে।

About Author

Advertisement