নিউ ইয়র্ক: আমেরিকা বিভিন্ন সময়ে ভারত থেকে চুরি করে পাচার করা ৬৫৭টি মূল্যবান প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদ ভারতের কাছে ফিরিয়ে দিয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন জেলা আইন আধিকারিকের কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ১.৪ কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রত্নসম্পদ ভারতীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।ম্যানহাটনের জেলা আইন আধিকারিক অ্যালভিন ব্র্যাগ ভারতীয় দূতাবাসের প্রতিনিধি রাজলক্ষ্মী কদমের উপস্থিতিতে এই সামগ্রী হস্তান্তর করে জানান, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এটি একটি বড় সাফল্য। এই নিদর্শনগুলি কুখ্যাত শিল্পপাচারকারী সুভাষ কাপুর এবং দোষী পাচারকারী ন্যান্সি উইনারের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চক্রের দীর্ঘ তদন্তের পর উদ্ধার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে লক্ষ্য করে এই চক্রগুলির জাল অত্যন্ত বিস্তৃত এবং চুরি হওয়া অন্যান্য নিদর্শন ফিরিয়ে আনতে এখনও আরও কাজ বাকি রয়েছে।ফিরিয়ে দেওয়া সামগ্রীর মধ্যে ছত্তীসগঢ়ের রায়পুরের সিরপুর এলাকার ‘অবলোকিতেশ্বর’-এর ব্রোঞ্জ মূর্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ডলার। ১৯৩৯ সালে আবিষ্কৃত এই মূর্তিটি ১৯৫২ সাল পর্যন্ত রায়পুরের জাদুঘরে সংরক্ষিত ছিল, সেখান থেকেই পরে তা পাচার করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়।এছাড়া ২০০০ সালে মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে লুট হওয়া নৃত্যভঙ্গিমার ‘গণেশ’ মূর্তি এবং উত্তর ভারত থেকে পাচার হওয়া লাল বেলেপাথরের ‘বুদ্ধ’ মূর্তিও ফেরত দেওয়া হয়েছে। অভয় মুদ্রায় আসীন এই বুদ্ধ মূর্তির মূল্য প্রায় ৭৫ লক্ষ ডলার বলে জানানো হয়েছে।নিউ ইয়র্কে ভারতের মহাবাণিজ্যদূত বিনয় প্রধান আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির নিরন্তর সক্রিয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের প্রচেষ্টায় ভারতের অমূল্য সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধার সম্ভব হয়েছে।









