মুম্বই: তাঁর কণ্ঠে মোহমুগ্ধ ছেলে থেকে বুড়ো। তাঁর ছন্দে প্রেমে ভাসে তরুণ প্রজন্ম। তাঁর সুরে মনভাঙার যন্ত্রণা তীব্রতর হয়। তিনি সোনু নিগম। অসুস্থতার সঙ্গে লড়ছেন, সে খবর নিজেই দিয়েছেন মাসখানেক আগে। এ বার নতুন ভিডিয়োয় দেখা গেল, অস্ত্রোপচারের সময়েও গান থেকে দূরে থাকতে পারছেন না তিনি। চিকিৎসকেরা অস্ত্রোপচারে ব্যস্ত। আর গোটা মেডিক্যাল টিমের জন্য গান গেয়ে চলেছেন সোনু। রবিবার নিজেই সেই ভিডিয়ো ভাগ করেছেন সোনু। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অপারেশন টেবিলে শুয়ে সোনু। তাঁরই চিকিৎসা চলছে। সেই সময়েই মহম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কব আয়োগে’ গাইছেন সোনু। ১৯৪৯ সালের ছবি ‘দুলারি’র এই গান গাওয়ার সময় অপারেশন থিয়েটারে তাঁর পাশে ছিলেন চিকিৎসক এবং মেডিক্যাল টিমের সদস্যেরা। শারীরিক যন্ত্রণার মধ্যেও গানকেই যেন নিজের স্বস্তির জায়গা করে নিয়েছিলেন গায়ক।
ভিডিয়োটি ভাগ করে নিয়ে সোনু লেখেন, “আমার অস্ত্রোপচারের সময়ে প্রিয় চিকিৎসক এবং তাঁর স্নেহশীল টিমের জন্য আচমকা এই পরিবেশনা। যন্ত্রণার মধ্যেও গান গাইছি, এটাই সঙ্গীতের আনন্দ!” ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোনুর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অস্ত্রোপচারের মতো কঠিন পরিস্থিতিতেও গান গাওয়ার সিদ্ধান্ত তাঁর সঙ্গীতের প্রতি গভীর ভালবাসারই পরিচয়, মত অনুরাগীদের একাংশের। গায়ক যেন গানে গানেই যন্ত্রণা নিরাময়ের চেষ্টায়।
এর আগে, জুন মাসে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন সোনু। সমাজমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিয়োয় তাঁর কাঁধে একটি ব্যান্ডেজ মতো দেখা গিয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে, স্নায়ুজনিত সমস্যার কারণে তীব্র যন্ত্রণায় ভুগছেন। সামান্য নড়াচড়াতেও তাঁর যথেষ্ট কষ্ট হচ্ছিল বলে জানিয়েছিলেন গায়ক। অসুস্থতার কারণ এবং সমস্যার মাত্রা বুঝতে এমআরআই এবং সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করানোর কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর সাম্প্রতিক ভিডিয়ো থেকে মনে করা হচ্ছে, সেই অসুস্থতার চিকিৎসারই পরবর্তী ধাপ এই অস্ত্রোপচার। যদিও ঠিক কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সোনু। তবে সাম্প্রতিক ভিডিয়োয় তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে দেখা যাওয়ায় কিছুটা আশ্বস্ত হয়েছেন অনুরাগীরা। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।










