নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসম বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার ৮৮ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নামও রয়েছে, তিনি জলুকবাড়ি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটি কংগ্রেসের প্রাক্তন নেতা প্রদ্যুত বোরদোলই-কে দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। তিনি বুধবার মুখ্যমন্ত্রী শর্মা ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।
তালিকা অনুযায়ী, সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ভূপেন কুমার বোরা বিহপুরিয়া আসন থেকে নির্বাচনে লড়বেন। এছাড়া বিরসিংহ-জরুয়া আসন থেকে মাধবী দাস, চামারিয়া থেকে জ্যোৎস্না কলিতা এবং মঙ্গলদৈ থেকে নীলিমা দেবীকে প্রার্থী করা হয়েছে।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে প্রার্থীদের প্রথম তালিকাকে চূড়ান্ত করে। এই বৈঠকের সভাপতিত্ব করেন দলের জাতীয় সভাপতি নিতিন নবীন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য শীর্ষ নেতারা। বিজেপির অসম রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া-ও এই বৈঠকে উপস্থিত ছিলেন।









