অধিনায়ক কামিন্সের পাশে থাকার সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

IMG-20261121-WA0066

সিডনি: দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরুর প্রেক্ষাপটে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পুরুষ টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের ওপর নিজেদের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে। বর্তমান অধিনায়কের সততা নিয়ে ওঠা যেকোনো প্রশ্ন বা ইঙ্গিতকে বোর্ড সরাসরি নাকচ করে দিয়েছে। বোর্ডের এক বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সততা বজায় রাখা এবং ২০১৮ সালের সেই সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কল্যাণে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
অধিনায়ক হিসেবে কামিন্সের অবস্থান নিয়ে চলমান আলোচনার মাঝে, তাকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ডেভিড বুন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টড গ্রিনবার্গ কামিন্সের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কামিন্সের শারীরিক ও মানসিক সুস্থতা, দলের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বুন বলেন, “এই চ্যালেঞ্জিং সময়ে আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেটকে এগিয়ে নিতে পূর্ণ নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে সবার কথা শুনতে, শিখতে এবং সঠিক দিকনির্দেশনা দিতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উদ্দেশ্যেই আমরা এই সপ্তাহে একটি স্বতন্ত্র ফোরাম গঠন করেছি। বোর্ড সকল খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে তাদের দৃষ্টিভঙ্গি সেখানে তুলে ধরতে এবং আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছে। আমরা যথাসময়ে এই ফোরামের কার্যপরিধি (টার্মস অফ রেফারেন্স) প্রকাশ করব।” বুন আরও বলেন, “আমরা প্যাট (কামিন্স)-কে আমাদের সমর্থন জানিয়েছি এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঘটে যাওয়া ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি তার উদ্বেগের বিষয়টিও আমরা পৌঁছে দিয়েছি।”
“আমরা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। আমাদের দল এবং গত আট বছরে প্যাট ও অন্যান্য অধিনায়কদের গড়ে তোলা সংস্কৃতির জন্য আমরা গর্বিত। এছাড়া, কামিন্সের সততা নিয়ে কোনো ধরনের আপস হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছি।”
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নেতৃত্বের সঙ্গে হওয়া বৈঠকটিকে স্বাগত জানিয়েছেন কামিন্স। প্রস্তাবিত স্বতন্ত্র ফোরামের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন যে, এই প্রক্রিয়ার অংশ হতে তিনি প্রস্তুত। অস্ট্রেলীয় অধিনায়ক বললেন, “ডেভিড ও টডের সঙ্গে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ ছিল। অস্ট্রেলীয় অধিনায়ক হওয়াটা অনেক বড় একটি দায়িত্ব। আমি কখনোই একে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। আমি এই প্ল্যাটফর্মটিকে শতভাগ সমর্থন করি।”

About Author

Advertisement