তেহরান: হিজাব না পরে গান গাওয়ার অপরাধে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। জনসমক্ষে শালীনতা লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার সঙ্গীত দলের সদস্যদেরও একই সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে। গায়িকার আইনজীবী মোস্তফা নিলির ভাষ্যমতে, সোমবার ইরানের কোম শহরে এই সাজা কার্যকর করা হয়েছে।
নিলি জানিয়েছেন যে, আহমাদির কনসার্ট দলের চার সদস্যের প্রত্যেককে ৭৪টি করে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গায়িকা পারাস্তু আহমাদি, কনসার্ট আয়োজক মোহসেন লাশকারি, এবং সঙ্গীতশিল্পী সোহেইল ফকিহ-নাসিরি, আমিন তাহিরি ও আমির-আলি পিরনিয়া। চলতি বছরের জুন মাসে কোম শহরের একটি আদালত এই রায় প্রদান করে। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি এবং প্রকাশের দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই বিষয়টি একটি অনলাইন ভিডিওর সাথে সম্পর্কিত, যেখানে আহমাদিকে পুরুষ সংগীতশিল্পীদের সাথে পারফর্ম করতে দেখা যায়। পারফরম্যান্সের সময় তিনি হিজাব পরেননি—ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। পারাস্তু তখন হাতাকাটা, কাঁধ খোলা একটি গাউন পরেছিলেন এবং তাঁর চুল ছিল খোলা। ভিডিওটি ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশ করা হয়। এটি কোম শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক ‘দেইর-এ গাচিন কারভানসেরাই’-তে ধারণ করা হয়েছিল। ‘কারভানসেরাই’ একটি ফারসি শব্দ, যা ভ্রমণকারী ও বণিকদের যাত্রাপথে বিরতি নেওয়া ও বিশ্রামের জন্য নির্মিত স্থানকে বোঝায়।
শিয়া মুসলমানদের কাছে কোম একটি পবিত্র শহর এবং এটিকে ধর্মীয় রক্ষণশীলতার একটি দুর্গ হিসেবে গণ্য করা হয়।
ইরানের আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে কোনো ধরনের পরিবেশনা বা অনুষ্ঠান করা নিষিদ্ধ। তাছাড়া, নারীদের হিজাব পরা এবং শালীন পোশাক পরিধান করা বাধ্যতামূলক। ভিডিওটি প্রকাশের পরপরই আহমাদি এবং তাঁর কনসার্ট দলের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটিকে একটি “অবৈধ কনসার্ট” হিসেবে অভিহিত করা হয়, যা দেশটির “আইনি ও ধর্মীয় মানদণ্ড” লঙ্ঘন করেছে।
জুন মাসে কোম শহরের একটি আদালত আহমাদি ও তাঁর সহযোগীদের ৭৪টি বেত্রাঘাতের সাজা প্রদান করে। বেত্রাঘাতের পাশাপাশি, তাঁদের আগামী দুই বছর যেকোনো ধরনের অডিও-ভিজ্যুয়াল সঙ্গীত কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাঁদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা এই সাজার তীব্র নিন্দা জানিয়েছেন; তাঁরা বেত্রাঘাতকে একটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে অভিহিত করেছেন। আহমাদির আইনজীবী এই সাজার বিরুদ্ধে একটি আপিল করেছিলেন, যা সেপ্টেম্বর মাসে খারিজ হয়ে যায়।
আইনজীবী নিলি জানিয়েছেন যে, রায়টি উল্টে দেওয়ার বা সাজা স্থগিত করার জন্য তিনি তাঁর সাধ্যমতো সবকিছুই করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি।
২০২২ সালে ইরানে বাধ্যতামূলক হিজাব বিধির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়। পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল; এই ঘটনাটিই নারীদের প্রতিবাদে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করে।
দেশব্যাপী বিক্ষোভ চলাকালে নারীরা তাদের হিজাব খুলে ফেলেন এবং হয় সেগুলো পুড়িয়ে ফেলেন, নতুবা বাতাসে ওড়াতে থাকেন। এরপর থেকে তেহরান ও ইরানের অন্যান্য শহরের নারীরা হিজাব খুলে নিজেদের বিরোধিতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন; অনেক নারী ও কিশোরী জনসমক্ষে চুল ঢেকে রাখা বন্ধ করে দিয়েছেন, যা দেশটির পোশাকবিধি লঙ্ঘনের শামিল।





