ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার

IMG-20261015-WA0051

কাঠমান্ডু: উৎসবের মরশুমে ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে সম্ভাব্য সংক্রামক রোগ শনাক্ত করা এবং সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সীমান্তবর্তী প্রবেশপথগুলিতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে কাঞ্চনপুর জেলা স্বাস্থ্য দপ্তর। দপ্তর সূত্রে জানা গেছে, সীমান্তে স্থাপিত স্বাস্থ্যকেন্দ্রগুলির মাধ্যমে ম্যালেরিয়া, যক্ষ্মা, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু এবং স্ক্রাব টাইফাস-সহ ছয় ধরনের রোগের পরীক্ষা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য দপ্তরের জনস্বাস্থ্য আধিকারিক সিদ্ধরাজ ভট্ট জানিয়েছেন, ভারত থেকে ফিরে আসা নাগরিকদের মধ্যে সম্ভাব্য সংক্রামক রোগ দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যেই সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভারতের ম্যালেরিয়া ও ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে আসা যাত্রীদের পাশাপাশি জ্বরে আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরীক্ষায় কারও শরীরে সংক্রমণ ধরা পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দূরবর্তী জেলা থেকে আসা কোনও যাত্রীর শরীরে সংক্রমণ শনাক্ত হলে সংশ্লিষ্ট জেলার হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শুধু আশ্বিন মাসেই গড্ডাচৌকি সীমান্তপথে চার হাজার সাতশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় এখনও পর্যন্ত দু’জনের শরীরে যক্ষ্মা বা টিবি শনাক্ত হয়েছে। অন্য যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কোনও সংক্রামক রোগের সন্ধান পাওয়া যায়নি।

About Author

Advertisement