সেলিংয়ে ভারতের রৌপ্য জয়, তবে টেনিসে হতাশা

IMG-20261001-WA0060

নয়াদিল্লি: এশিয়ান গেমসে সেলিং বা নৌ-চালনা ইভেন্টে ভারত তাদের প্রথম পদকটি জয় করেছে। বৃহস্পতিবার পুরুষদের স্কিফ ইভেন্টে মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিনক্রিল নোবল জুটি রৌপ্য পদক নিশ্চিত করেন। মোট নয়টি রেস শেষে চীনা দলের ঠিক পেছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করে ভারতীয় জুটি; ২৩ পয়েন্ট নিয়ে তারা এই প্রতিযোগিতা (রেগাটা) শেষ করে। ১৬ পয়েন্ট পেয়ে চীনের ওয়েন জাইডিং ও লিউ তিয়ান জুটি স্বর্ণপদক জয় করে। ২৪ পয়েন্ট নিয়ে হংকংয়ের আকিরা লুক সাকাই ও রাসেল আইলসওয়ার্থের জুটি তৃতীয় স্থান অর্জন করে। ফ্রান্সিস ও নোবেল জুটি ধারাবাহিকভাবে ভালো নৈপুণ্য প্রদর্শন করে। ভারতীয় জুটির সেরা সাফল্যটি আসে তৃতীয় রেসে, যেখানে তারা জয়লাভ করে। এছাড়া, ভারতীয় নাবিকরা ১, ৫ ও ৯ নম্বর রেসে দ্বিতীয় স্থান অধিকার করে। এশিয়ান গেমসের পুরুষদের স্কিফ ইভেন্টে এটি ভারতের প্রথম রৌপ্যপদক এবং এই ইভেন্টে দেশটির দ্বিতীয় পদক। এর আগে, ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে বরুণ ঠক্কর ও কেসি গণপতি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এদিকে, ১৯৮৬ সালের পর এই প্রথমবার এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে চলেছে ভারতীয় টেনিস দল। পুরুষদের একক বিভাগের কোয়ার্টার ফাইনালে সুমিত নাগালের পরাজয় ও বিদায়ের মধ্য দিয়ে এই খেলায় ভারতের লড়াইয়ের সমাপ্তি ঘটল। বুধবারই পদক জয়ের সম্ভাবনাময় ডাবলস দলগুলো প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল; ফলে পুরুষদের একক ইভেন্টে শীর্ষস্থানীয় খেলোয়াড় সুমিতের ওপরই ভারতের সব আশা টিকে ছিল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সুমিত চীনের ইবিং উ-এর কাছে ৪-৬, ৪-৬ সেটে পরাজিত হন। ম্যাচটি এক ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল। উল্লেখ্য যে, ১৯৯০ সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসে ভারত অন্তত একটি টেনিস পদক জিতেছে এবং এবারও অন্তত তিনটি পদক জয়ের ব্যাপারে উচ্চ প্রত্যাশা ছিল।

About Author

Advertisement