নয়াদিল্লি: রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এসইউ–৫৭ই-এর জন্য নতুন বিদেশি রপ্তানি চুক্তি হওয়ার দাবি করেছে। তবে কোন দেশ এই চুক্তি করেছে, তা প্রকাশ করা হয়নি।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রুশ মেশিন নির্মাণ শিল্প সংঘের উপ-চেয়ারম্যান আলেকজান্ডার মিখেয়েভ জানিয়েছেন, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে রুশ যুদ্ধবিমানের প্রতি আগ্রহ বাড়ছে। যুদ্ধক্ষেত্রে রুশ বিমানগুলোর প্রমাণিত কার্যকারিতার কারণেই তাদের চাহিদা বেড়েছে বলে তিনি দাবি করেছেন। যদিও এই দাবির সমর্থনে তিনি যুদ্ধসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেননি।
রোসোবোরোনএক্সপোর্টের দাবি অনুযায়ী, এসইউ–৫৭ই-এর জন্য নতুন রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর সরবরাহ ২০২৬ সালেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেতা দেশের নাম কিংবা চুক্তির আর্থিক মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, মিশরে অনুষ্ঠিত হতে যাওয়া আল আলামেইন আন্তর্জাতিক এয়ার শো-তে এসইউ–৫৭ই বিমানটির আকাশে ও মাটিতে প্রদর্শনী করা হবে। সেখানে এই যুদ্ধবিমানের জন্য তৈরি নতুন এস–৭১এম ক্ষেপণাস্ত্র এবং এস–৭১কে আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমাও প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শনের কথা রয়েছে।
রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতকে এসইউ–৫৭ই বিক্রির পাশাপাশি সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়ে আসছে। তবে ভারত এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি। ফলে রাশিয়ার ঘোষিত নতুন ক্রেতা ভারত, নাকি আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ—তা নিয়েই এখন জল্পনা তৈরি হয়েছে।





