বেঙ্গালুরু: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, চাঁদে ফের মানব উপস্থিতি প্রতিষ্ঠার মার্কিন অভিযানে ভারতকেও যুক্ত করতে চায় আমেরিকা। বেঙ্গালুরু স্পেস এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কে ‘আর্টেমিস’ কর্মসূচির আওতায় চন্দ্রভিত্তিক প্রকল্পে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।
গোরের মতে, আমেরিকা ও ভারতের মধ্যে মহাকাশ সহযোগিতা এখন আর শুধু তথ্য আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা ‘সহ-নির্মাণের’ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশ অত্যাধুনিক সরঞ্জাম তৈরি, মহাকাশ স্টার্টআপে বিনিয়োগ এবং মানব মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে।
তিনি নিসার, অ্যাক্সিওম-৪ মিশন, মহাকাশচারীদের প্রশিক্ষণ, ভারতীয় মহাকাশ স্টার্টআপ এবং বৈশ্বিক মহাকাশ পরিচালনার ক্ষেত্রে ক্রমবর্ধমান ভারত-মার্কিন সহযোগিতার কথাও উল্লেখ করেন।
গোর বলেন, ভারতে মহাকাশ খাতে গৃহীত সংস্কার বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে। পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং উৎক্ষেপণ প্রযুক্তির ক্ষেত্রে একাধিক নতুন স্টার্টআপ গড়ে উঠছে।
ভারতীয় শিল্প সংস্থা (সিআইআই), ইসরো, ইন-স্পেস এবং এনএসআইএল-এর সহযোগিতায় আয়োজিত নবম বেঙ্গালুরু স্পেস এক্সপো ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে।





