দুর্গাপূজায় পর্যটকদের জন্য উপহার

IMG-20260825-WA0013

১ অক্টোবর থেকে ‘জয় রাইড’ পরিষেবা বাড়াচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

দার্জিলিং: আসন্ন দুর্গাপূজার উৎসবের মরসুমকে সামনে রেখে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য বিশেষ ‘জয় রাইড’ পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো পর্যটকদের দার্জিলিং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্ববিখ্যাত ‘টয় ট্রেন’-এর অভিজ্ঞতা লাভের আরও বেশি সুযোগ করে দেওয়া।
ডিএইচআর কর্তৃপক্ষের মতে, দার্জিলিং-ঘুম রুটে চারটি ‘সিঙ্গেল-ট্রিপ’ জয় রাইড এবং কার্সিয়াং-মহানদী রুটে দুটি ‘রাউন্ড-ট্রিপ’ বিশেষ জয় রাইড চালানো হবে।
দার্জিলিং-ঘুম রুটে ডিজেল-চালিত জয় রাইডের ভাড়া ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, কার্শিয়াং-মহানদী রুটে বিশেষ বাষ্পচালিত ইঞ্জিনের টয় ট্রেন জয় রাইডটির নাম দেওয়া হয়েছে ‘রেড পান্ডা’ এবং এর ভাড়া ধার্য করা হয়েছে ১,৫৩০ টাকা।
​কার্সিয়ং-মহানদী রুটে চলাচলকারী দ্বিতীয় ডিজেল-চালিত জয়রাইডটির নাম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে রাখা হয়েছে ‘মুক্তধারা’ এবং এর ভাড়া ১,০৩০ টাকা। ডিএইচআর-এর মতে, এই নামটি মহানদীর কাছে অবস্থিত পাগলাঝোরার প্রাকৃতিক সৌন্দর্য এবং এই অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধনকে প্রতিফলিত করে।
​​ডিএইচআর আশা করছে যে, পূজার ছুটির সময় চালু হতে যাওয়া এই বিশেষ পরিষেবাগুলো পর্যটকদের দার্জিলিংয়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগের এবং ঐতিহাসিক বাষ্পচালিত ট্রেনে ভ্রমণের এক স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে।

About Author

Advertisement