মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আমির খানকে। তাঁর সঙ্গে থাকবেন সনী দেওল এবং প্রীতি জ়িন্টা। আসন্ন ছবি ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে অমিতাভ অনুষ্ঠানের হাজির হবেন তিন তারকা। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৪ অগস্ট। তবে ছবির প্রচারের মাঝেই আমিরকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ফের তৃতীয় ভিন্ধর্মী বিয়ের জন্য তাঁকে কটাক্ষ করছেন নেটাগরিকের একাংশ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন প্রচার ঝলকে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চনকে অনুষ্ঠানের এ বারের মূল ভাবনা ‘সোচনা পড়েগা’ নিয়ে প্রশ্ন করছেন আমির। তিনি অমিতাভকে বলেন, “আপনি প্রচারে বলেছেন ‘সোচনা পড়েগা’। তা হলে কী ভাবতে হবে?” অমিতাভ নিজের চেনা ভঙ্গিতে উত্তর দেন, “এ বার সব কিছু এত সহজ হবে না। প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।” আমিরও সম্মতি জানিয়ে বলেন, “ভাবতে হবে স্যর, সত্যিই ভাবতে হবে।” এই কথোপকথন নজর কেড়েছে দর্শকদের। তবে এর মধ্যেই কেউ কেউ আমিরের ব্যক্তিগত জীবন নিয়েও মজা করতে শুরু করেছেন। গত মাসেই তৃতীয় বার বিয়ে করেছেন অভিনেতা। তাই প্রচার ঝলকের মন্তব্য বিভাগে তাঁর বিয়ে নিয়ে নানা রসিকতা দেখা গিয়েছে নিন্দকদের। এক জন লিখেছেন, “ওঁকে জিজ্ঞাসা করুন, চতুর্থ বার কবে বিয়ে করছেন?” আর এক জনের মন্তব্য, “উনি কি নিজের বিয়েগুলি নিয়ে কথা বলতে এসেছেন?” কেউ আবার মজা করে লিখেছেন, “তৃতীয় বিয়ের পর আবার বিয়ে নিয়ে ভাবতে হতে পারে আমিরকে।”
উল্লেখ্য, চলতি বছরের ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান।











