মস্কো: রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের জনপ্রিয় রিসোর্ট এলাকা আরখিপো-ওসিপোভকার একটি জনাকীর্ণ সমুদ্র সৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪০ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাটি যখন ঘটে, তখন কৃষ্ণসাগর উপকূলের এই রিসোর্টে বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার আগে কোনো সাইরেন বাজেনি, যদিও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু হওয়ার কারণে অথবা সিগন্যাল জ্যামিংয়ের (ইলেকট্রনিক যুদ্ধপদ্ধতি) ফলে ড্রোনটি সৈকতে আছড়ে পড়ে। রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন, তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।









