স্পেশাল অফিসারের উপস্থিতিতে টাকা তুলতে পারবে কালীঘাট শিবির
কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি মিলল কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নির্দেশে বিচারপতি আরও জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দু’জন অনুমোদিত তাঁরাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের।এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও এদিন কালীঘাট তৃণমূলকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এদিকে এদিন আদালতে বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী বিশ্বনাথ দাস। আদালতে তাঁর দাবি, আমরাই আসল তৃণমূল। আমরা এই অ্যাকাউন্ট ব্যবহার করি। তাই অন্য কেউ কিছু চাইলেই অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। তবে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হয় বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচনে লড়ার জন্য এই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়েছিল। সেই সময় কোনও প্রশ্ন তোলা হয়নি। কিন্তু ফল প্রকাশের পর কেন অভিযোগ তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
বৃহস্পতিবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মামলায় এদিন কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। আদালতে তাঁর প্রশ্ন, অভিযোগ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় কি না তা নিয়ে। সঙ্গে তিনি এও জানান, এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ দরকার। শুধু তাই নয়, যে সমস্ত বিধায়করা অভিযোগ করলেন তাঁরা ২৫ লাখ টাকা নেওয়ার পর সন্দেহ প্রকাশ করলেন। আর এখানেই আইনজীবীর আরও প্রশ্ন, কীভাবে জয়ী বিধায়করা অভিযোগ করতে পারেন?
এদিকে এদিন আদালতে বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী বিশ্বনাথ দাস। আদালতে তাঁর দাবি, আমরাই আসল তৃণমূল। আমরা এই অ্যাকাউন্ট ব্যবহার করি। তাই অন্য কেউ কিছু চাইলেই অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। অ্যাকাউন্ট অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ আইনজীবীর। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আপনারা তৃণমূল থেকে লড়ে জিতেছেন। এরপরই বিচারপতি ভট্টাচার্য়ের প্রশ্ন, ‘ফ্যাক্ট চেঞ্জ হল আর নিজেরাই অভিযোগ করলেন। ৪ মে কেন এই প্রশ্ন তুললেন না? ১৮ জুনের আগে কেন প্রশ্ন তুললেন না?’ দীর্ঘ সওয়াল জবাব শেষে, সবপক্ষের বক্তব্য শুনার পর অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কালীঘাট তৃণমূলকে স্বস্তি দেয় কলকাতা হাইকোর্ট।










