রুশ তেলের উপর নিষেধাজ্ঞায় ছাড়ের মেয়াদ বাড়াল আমেরিকা, জাতীয় স্বার্থে অনড় অবস্থান ভারতের‎

india-russia-oil-banner

নয়াদিল্লি: সমুদ্রপথে আসা রুশ অপরিশোধিত তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে দেওয়া ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল আমেরিকা। সোমবার মার্কিন অর্থ মন্ত্রক এক সরকারি নির্দেশ জারি করে জানিয়েছে, ১৭ এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রুশ তেলবাহী জাহাজগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ১৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
‎মার্কিন অর্থ মন্ত্রকের বিদেশি সম্পত্তি নিয়ন্ত্রণ দপ্তরের নির্দেশ অনুযায়ী, এর আগে ১৬ মে শেষ হয়ে যাওয়া সাধারণ লাইসেন্সের পরিবর্তে নতুন লাইসেন্স কার্যকর করা হয়েছে।
‎তবে নতুন এই সাধারণ লাইসেন্সে ইরান, উত্তর কোরিয়া, কিউবা অথবা ইউক্রেনের কিছু অঞ্চলের সঙ্গে যুক্ত কোনও আর্থিক লেনদেন বা যৌথ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
‎অন্যদিকে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জাতীয় স্বার্থের সঙ্গে কোনওরকম আপস করা হবে না।
‎মার্কিন নিষেধাজ্ঞার সময়সীমা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের রুশ তেল ক্রয় কোনওদিনই মার্কিন ছাড়ের উপর নির্ভরশীল ছিল না।
‎তিনি বলেন, তেল কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতের বাণিজ্যিক প্রয়োজন এবং অর্থনৈতিক লাভের ভিত্তিতে নেওয়া হয়। পাশাপাশি ভারতীয় শোধনাগারগুলি বাজারের যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‎রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক চাপ সত্ত্বেও ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কোনও বাহ্যিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

About Author

Advertisement