রিও ডি জেনেইরো: তারকা ফুটবলার নেইমার নিজের ক্লাব সান্তোসের সতীর্থ খেলোয়াড় রোবিনহো জুনিয়র-কে অনুশীলন চলাকালীন চড় মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন। নেইমারের কথায়, তিনি সীমা অতিক্রম করে ফেলেছিলেন।রবিবার ক্লাবের অনুশীলন সেশনের সময় ১৮ বছর বয়সি ফরোয়ার্ড অভিযোগ করেন যে, নেইমার তাঁর মুখে চড় মেরেছিলেন। জানা গেছে, ঘটনাটি ঘটে যখন তরুণ ফুটবলার ড্রিবল করে ৩৪ বছর বয়সি নেইমারকে পিছনে ফেলে দেন।নেইমার জানান, তিনি ইতিমধ্যেই রোবিনহো জুনিয়রের সঙ্গে কথা বলেছেন এবং পেলে প্রশিক্ষণ কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনাটির সম্পূর্ণ মীমাংসা হয়ে গেছে। নেইমার বলেন, “রাগের মাথায় আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আপনারা যদি সংবাদমাধ্যমের সামনে আমাকে ক্ষমা চাইতে দেখতে চান, তবে আমি ক্ষমা চাইছি। আমার ওভাবে করা উচিত হয়নি। ভুল সকলেরই হয় এবং এই ঘটনার জন্য আমি লজ্জিত। রোবিনহো জুনিয়র আমার প্রিয় তরুণ ফুটবলারদের একজন।তবে ফুটবলে এমন ঘটনা ঘটে। কখনও কখনও নিজের সতীর্থ বা ভাইয়ের সঙ্গেও তর্ক হয়। এটাও ফুটবল খেলারই একটি অংশ।”উল্লেখযোগ্যভাবে, নেইমার ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৯টি আন্তর্জাতিক গোল করা ফুটবলার। এফসি বার্সেলোনা এবং প্যারিস সাঁ জার্মাঁ-এর প্রাক্তন এই ফুটবলার মঙ্গলবার কোপা সুদামেরিকানায় রিকোলেতার বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করার পর আনন্দ উদ্যাপনের সময় রোবিনহো জুনিয়রকে আলিঙ্গনও করেন।রোবিনহো জুনিয়রের বাবা রোবিনহো-র সঙ্গে নেইমার ব্রাজিলের হয়ে বহু ম্যাচ খেলেছেন। রোবিনহো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ-এর প্রাক্তন ফুটবলার।











