দুর্গাপুর: দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লি এলাকায় রবিবার সকালে একটি খোলা মাঠে অবস্থিত প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক ব্যাগ মজুত ছিল। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং ঘন ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন।খবর পেয়ে দুর্গাপুর দমকল কেন্দ্র থেকে প্রথমে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনা করে পরে আরও দুটি দমকল পাঠানো হয়। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে কঠোর পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন।দমকল আধিকারিক রিপন বরুয়া জানান, খবর পাওয়া মাত্রই তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। একটি খোলা মাঠের মতো অস্থায়ী গুদামে রাখা প্লাস্টিকেই আগুন লেগেছিল। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।










