মুম্বাই: বক্স অফিসে নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দুর্দান্ত সাফল্যের প্রভাব পড়ল অক্ষয় কুমারের আগামী ছবি ‘ভূত বাংলা’-র মুক্তির ওপর। ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে।
বর্তমানে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পাচ্ছে এবং ধারাবাহিকভাবে রেকর্ড ব্যবসা করছে। এর জেরে একাধিক বড় ছবির মুক্তির সময়সূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে বলে জানা গেছে। সেই তালিকায় রয়েছে ‘ভূত বাংলা’ও।
প্রযোজক একতা কাপুর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিভিন্ন পরিবেশক ও প্রদর্শকদের অনুরোধের পর ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে দুটি ছবিই যথাযথ পর্দা ও প্রচারের সুযোগ পাবে এবং দর্শকদের জন্যও তা উপকারী হবে।
তিনি আরও জানান, প্রেক্ষাগৃহ মালিকদের মতে, চলমান ছবিটিকে আরও সময় দেওয়া হলে শিল্পের সামগ্রিক লাভ হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে এই সিদ্ধান্তে সব পক্ষই উপকৃত হবে।
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ প্রায় ১৭ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের পুনর্মিলনের ছবি। এই জুটির আগের জনপ্রিয় কাজগুলির মধ্যে রয়েছে ‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’, ‘ভাগম ভাগ’ ও ‘গরম মসলা’। হরর-কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তব্বু, রাজপাল যাদব, যীশু সেনগুপ্ত ও মিথিলা পালকর।











