৮ লক্ষ টাকার ইনামি চার মাওবাদী সুকমায় আত্মসমর্পণ করল

202511243585839

সুকমা (ছত্তীসগড়): ছত্তীসগড়ের সুকমা জেলায় মোট ৮ লক্ষ টাকার ইনামি চার মাওবাদী অস্ত্রসহ নিরাপত্তা বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীদের মধ্যে দু’জন মহিলা মাওবাদীও রয়েছেন।
বস্তর রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, আত্মসমর্পণ করা চারজনই দক্ষিণ বস্তর ডিভিশনের অধীন কিস্তারাম এরিয়া কমিটির সক্রিয় সদস্য ছিলেন। তাঁরা রাজ্য সরকারের ‘পুনা মার্গেম’ উদ্যোগের আওতায় আত্মসমর্পণ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এরিয়া কমিটির সদস্য সোড়ি যোগার মাথার উপর ৫ লক্ষ টাকা ইনাম ঘোষণা ছিল। অন্যদিকে ডাবর গঙ্গা ওরফে মাডকম গঙ্গা, সোড়ি রাজে এবং মাড়ভি বুধরির প্রত্যেকের উপর ১ লক্ষ টাকা করে ইনাম ছিল। আত্মসমর্পণের সময় মাওবাদীরা একটি ইনসাস রাইফেল, একটি সিঙ্গল লোডিং রাইফেল (এসএলআর), একটি .৩০৩ রাইফেল, একটি .৩১৫ রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেয়।
আইজি সুন্দররাজ জানান, কিস্তারাম ও গোলাপল্লী এলাকায় নতুন নিরাপত্তা শিবির স্থাপন, সড়ক যোগাযোগের সম্প্রসারণ এবং ধারাবাহিক ও কার্যকর নকশাল-বিরোধী অভিযানের ফলে মাওবাদীদের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে সীমিত হয়েছে। এর ফলে তাদের অবাধ চলাচলের পরিসর অনেকটাই সংকুচিত হয়েছে।
তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের রাজ্য সরকারের নীতি অনুযায়ী পুনর্বাসন, আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান এলাকায় সক্রিয় বাকি মাওবাদী ক্যাডারদের হিংসার পথ পরিত্যাগ করার আহ্বান জানিয়ে তাঁদের নিরাপদ ও সম্মানজনক জীবনের আশ্বাস দেন।
এই আত্মসমর্পণের ফলে চলতি বছরে ছত্তীসগড়ে আত্মসমর্পণকারী মাওবাদীদের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর আগে ১৫ জানুয়ারি প্রতিবেশী বিজাপুর জেলায় ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। ২০২৫ সালে রাজ্যে মোট ১,৫০০-র বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে। কেন্দ্র সরকার আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে।

About Author

Advertisement