স্প্যানিশ লা লিগা: রিয়াল মাদ্রিদের হার, অ্যাটলেটিকোর জয়

IMG-20260222-WA0044

মাদ্রিদ: স্প্যানিশ লা লিগা ফুটবল প্রতিযোগিতায় শিরোপা দৌড়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ হতাশাজনক পরাজয়ের মুখে পড়েছে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ জয়ের ধারায় ফিরেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ওসাসুনার কাছে ১–২ ব্যবধানে পরাজিত হয়। এই হারের ফলে শীর্ষস্থানে নিজেদের ব্যবধান আরও মজবুত করার সুযোগ হাতছাড়া করে রিয়াল। অ্যাওয়ে ম্যাচে ৮১ শতাংশ বলদখল থাকা সত্ত্বেও বিরতিতে তারা ১ গোল পিছিয়ে ছিল। পরে ৭৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরালেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ওসাসুনার হয়ে ৩৮তম মিনিটে আন্তে বুদিমির এবং ৯০তম মিনিটে রাউল গার্সিয়া গোল করেন। ২০১১ সালের পর লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এটি ওসাসুনার প্রথম জয়।
এই হারের পরও ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ। নবম স্থানে থাকা ওসাসুনার সংগ্রহ ৩৩ পয়েন্ট।
এদিকে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে তারা এস্পানিয়লকে ৪–২ ব্যবধানে পরাজিত করে। ম্যাচে ৬৩ শতাংশ বলদখল রাখা স্বাগতিক দলের হয়ে ২১তম ও ৭২তম মিনিটে দুটি গোল করেন আলেকজান্ডার সর্লথ। এছাড়া ৪৯তম মিনিটে জুলিয়ানো সিমেওনে এবং ৫৮তম মিনিটে আদেমোলা লুকমান গোল করেন। এস্পানিয়লের হয়ে ৬ষ্ঠ মিনিটে জোফ্রে কারেরাস এবং ৮০তম মিনিটে এদু এক্সপোসিতো গোল করেন।
এই জয়ের ফলে ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এস্পানিয়ল ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
অন্যান্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল ওভিয়েদোর ম্যাচ ৩–৩ গোলে ড্র হয়। রিয়াল বেতিস ও রায়ো ভায়েকানোর ম্যাচ ১–১ গোলে সমাপ্ত হয়। অ্যাথলেটিক ক্লাব ২–১ ব্যবধানে এলচেকে পরাজিত করে।

About Author

Advertisement