মুম্বই: বলিউডে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে নিজের গ্ল্যামার ও ফিটনেসে দর্শকদের মুগ্ধ করে আসছেন মালাইকা অরোরা। ‘ছাইয়া ছাইয়া’ কিংবা ‘মুন্নি বদনাম’, প্রতিটি পরিবেশনাতেই তিনি দর্শকমনে ঝড় তুলেছেন। পঞ্চাশ পেরিয়েও তাঁর আকর্ষণ ও ফিটনেস আজও সমানভাবে আলোচনায়।সম্প্রতি একটি আলোচনামূলক অনুষ্ঠানে বয়স ও সৌন্দর্য নিয়ে নিজের মতামত প্রকাশ করেন মালাইকা। তিনি জানান, জীবনের একসময় বয়স নিয়ে ভাবতেন, আবার এমন সময়ও এসেছে যখন এই বিষয়টি তাঁর কাছে গুরুত্ব পায়নি। বর্তমানে তিনি নিজের কাজ উপভোগ করেন এবং যা ভালো লাগে তাই করেন। তাঁর কথায়, জীবনের এই সময়টাই তাঁর কাছে সবচেয়ে আনন্দের অধ্যায়।তিনি সমাজে নারী-পুরুষের মধ্যে বয়স নিয়ে বৈষম্যের প্রসঙ্গও তুলে ধরেন। মালাইকার মতে, মহিলাদের বয়স নিয়ে প্রশ্ন করা খুব সহজ হলেও পুরুষদের ক্ষেত্রে সেই প্রবণতা খুব কম দেখা যায়। তিনি বলেন, একজন নারীকে প্রায়ই জিজ্ঞেস করা হয় তিনি এখনও নিজেকে কতটা আকর্ষণীয় মনে করেন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এমন প্রশ্ন খুব একটা করা হয় না।মালাইকা আরও জানান, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক ও আবেগের দিকও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন কীভাবে সময় কাটানো হবে এবং নিজের মন কী চায়, সেই বিষয়গুলিকেই তিনি বেশি গুরুত্ব দেন।











