পাল্লেকেলে: আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্যায়ে রবিবার অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে ৫১ রানে পরাজিত করেছে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়।
ব্যাট হাতে ১৪ বলে ২১ রান করার পাশাপাশি পরে ৩টি উইকেট নেওয়া ইংল্যান্ডের জ্যাকস ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই ছিল হতাশাজনক। পাওয়ারপ্লেতেই তারা ৫টি উইকেট হারায়। ৩৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর দল আর ম্যাচে ফিরতে পারেনি। পাথুম নিসাঙ্কা মাত্র ৯ রান করেন। এছাড়া কামিল মিশারা ৬, কুশল মেন্ডিস ৪ এবং দুনিথ ভেল্লালাগে ১০ রান করে আউট হন, আর পবন রত্নায়েকে শূন্য রানেই ফিরতে হয়।
হতাশাজনক শুরুর পর অধিনায়ক দাসুন শানাকা ২৪ বলে ৩০ রান করেন, যার মধ্যে ছিল ২টি ছক্কা ও ১টি চার। কামিন্দু মেন্ডিস ১৩ রান করে আউট হন এবং মহেশ থিকশানা ১০ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকস ৩টি উইকেট নেন। এছাড়া আর্চার, লিয়াম ডসন এবং আদিল রশিদ ২টি করে উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমেও ইংল্যান্ডের শুরু ভালো ছিল না। ফিল সল্ট নিয়মিত রান করলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকে। শীর্ষক্রমে জস বাটলার ৭, জেকব বেথেল ৩ এবং টম বেন্টন ৬ রান করে আউট হন। অধিনায়ক হ্যারি ব্রুক ও অলরাউন্ডার স্যাম কারেন যথাক্রমে ১৪ ও ১১ রান ককরেন
নিয়মিত উইকেট পতনের মধ্যেও সল্ট ৪০ বলে ৬২ রান করেন, যাতে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শেষ ওভারগুলোতে জ্যাকস আক্রমণাত্মক ২১ রান যোগ করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুনিথ ভেল্লালাগে সর্বাধিক ৩টি উইকেট নেন।









