শর্তসাপেক্ষে মুর্শিদাবাদে যেতে আদালতের অনুমতি শুভেন্দুকে

IMG-20250423-WA0321

শর্তসাপেক্ষে মুর্শিদাবাদ যেতে অনুমতি শুভেন্দু অধিকারীকে। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু মাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি দেখা করতে পারবেন। তাঁর সঙ্গে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সেখানে যেতে পারবেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের স্পষ্ট নির্দেশ, প্রশাসনকে আগাম জানিয়ে মুর্শিদাবাদ যেতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। সেক্ষেত্রে তিনি কোনও মিছিল করতে পারবেন না। কোনও সভা বা জমায়েত করে বক্তব্য রাখতে পারবেন না বলেও জানায় আদালত।
ওয়াকফ ইস্যুতে সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। ওই ঘটনার পর এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ যেতে চেয়ে গত ১৬ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপর এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যেতে পারবেন। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেখানে গিয়ে কোনরকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখতে পারবেন না। আদালত এও বলেছে, মুর্শিদাবাদে যাওয়ার ২৪ ঘন্টা আগে স্থানীয় এসপিকে জানাতে হবে। শুভেন্দুর সঙ্গে এলাকায় যেতে পারবেন দুই বিধায়ক ও নিরাপত্তারক্ষীরা।
এদিকে আদালত সূত্রে খবর, এদিন আদালতে শুভেন্দুর আইনজীবীর অভিযোগ, কংগ্রেস, সিপিএম-সহ সকল রাজনৈতিক দলের নেতাদের মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু বিরোধী দলনেতার ক্ষেত্রেই রাজ্যের যত বাধা। এর আগে সন্দেশখালির সময়ও একই ঘটনা ঘটেছিল। রাজ্য পুলিশ শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি।
পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, উনি বিরোধী দলনেতা। ওখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। পাল্টা হিসেবে শুভেন্দুর আইনজীবী আদালতকে বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এরপরই আদালত শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দেয়।

About Author

Advertisement