রাঙামাটি: প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হতেই মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুর্জংঝোরা চা বাগান এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাগানের বালি লাইন থেকে কারখানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এই রাস্তার কাজ শুরু হলেও ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং সরকারি নির্ধারিত মানদণ্ড মানা হচ্ছে না। তাঁদের দাবি, রাস্তা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তা উঠে যেতে শুরু করেছে, যা কাজের নিম্নমানের স্পষ্ট প্রমাণ।চা বাগানের কাজ বন্ধ রেখে রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রকৌশলী দিওয়াকর লামা, স্থানীয় পঞ্চায়েত সদস্য দিল ভঞ্জন নায়েক, উজ্জ্বল ওঁরাও এবং তৃণমূলের অঞ্চল সভাপতি কাঞ্ছা রানা। তাঁদের উপস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের ঘিরে ধরে প্রতিবাদ জানান।নিম্নমানের কাজের প্রতিবাদে কিছু সময়ের জন্য নির্মাণকাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। পরে প্রকৌশলী দিওয়াকর লামা এবং তৃণমূল নেতা কাঞ্ছা রানা স্থানীয়দের আশ্বস্ত করেন যে, কাজের গুণমানের সঙ্গে কোনও আপস করা হবে না এবং সরকারি নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হবে।

প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। তবে এলাকার বাসিন্দাদের দাবি, ভবিষ্যতে কাজের উপর কড়া নজরদারি রাখতে হবে, যাতে সরকারি অর্থের অপচয় না ঘটে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।









