কলকাতা: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেছেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে বুধবার প্রশাসনিক সূত্রে জানা গেছে।
লীনা গঙ্গোপাধ্যায় টলিউডের পরিচিত চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। নারী অধিকার রক্ষার বিষয়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই মাসে তাঁকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করা হয়েছিল। চলতি বছরের জুলাই মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন।
প্রসঙ্গত, বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে বিতর্কের পর প্রায় দেড় মাস আগে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ২৯ মার্চ ওডিশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে অভিনেতার মৃত্যু হয়। ওই ধারাবাহিকটি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার তরফে নির্মিত হচ্ছিল।
রাহুলের মৃত্যুর পর লীনা দাবি করেছিলেন, শুটিংয়ে জলে নামার কোনও দৃশ্য ছিল না এবং অভিনেতা নিজেই সমুদ্রে নেমেছিলেন। পরে জানা যায়, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লীনা গঙ্গোপাধ্যায় ও প্রযোজনা সংস্থার কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এরপর বাংলা চলচ্চিত্র জগতের একাংশের অভিনেতা, প্রযুক্তিকর্মী ও পরিচালকেরা লীনার বিরুদ্ধে সরব হন এবং তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। সেই সময় তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ এড়াতেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা যায়। যদিও পরে তিনি পদত্যাগ করেননি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে সম্প্রতি বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে।










