নয়া দিল্লি:: মালদ্বীপ ও মরিশাসের মধ্যে চাগোস দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট আইএনএস ত্রিকন্দ ১০ মার্চ মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছে।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত সামরিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজ মরিশাসে এসেছে।
নৌবাহিনীর মতে, পোর্ট লুইসে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক মরিশাস সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং উপকূলরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি এই যুদ্ধজাহাজ মরিশাসের ৫৮তম জাতীয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেবে।
মরিশাস প্রতিবছর ১২ মার্চ জাতীয় দিবস উদ্যাপন করে। ১৯৬৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ এবং ১৯৯২ সালে প্রজাতন্ত্রে পরিণত হওয়ার স্মরণে এই দিনটি পালন করা হয়।
এদিকে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে মরিশাস ও মালদ্বীপের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সমুদ্রসীমা সংক্রান্ত ২০২৩ সালের আন্তর্জাতিক রায় মেনে নিতে অস্বীকার করেছেন।










