ব্যাংকক: ভারত ‘এ’ দল মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর শিরোপা জয় করেছে। রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ভারত ‘এ’ দল বাংলাদেশ ‘এ’ মহিলা ক্রিকেট দল কে ৪৬ রানে পরাজিত করে। তের্দথাই ক্রিকেট মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দল তেজল হাসাবনিসের অর্ধশতকের সহায়তায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানে সবকটি উইকেট হারায়।
মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় এটি ভারতের টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২৩ সালেও ভারত বাংলাদেশকেই পরাজিত করে শিরোপা জিতেছিল।
প্রথমে ব্যাট করে ভারতের হয়ে তেজল হাসাবনিস সর্বাধিক ৫১ রান করেন। তিনি ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক রাধা যাদব ৩০ বলে ৩৬ রান করেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। মাত্র ৪৪ রানে ৪ উইকেট পতনের পর হাসাবনিস ও রাধা জুটি বেঁধে দলীয় সংগ্রহ ১১৩ রানে উন্নীত করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন সর্বাধিক ৪টি উইকেট নেন।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে শামিমা সুলতানা সর্বাধিক ২০ রান করেন। এছাড়া সারমিন সুলতানা ১৮ এবং অধিনায়ক ফাহিমা খাতুন ১৪ রান যোগ করেন। ভারতের বোলারদের মধ্যে প্রোমা রাওয়াত সর্বাধিক ৩টি উইকেট দখল করেন।










