ভোট পরবর্তী অশান্তি রুখতে মেদিনীপুরে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন‎‎

IMG-20260503-WA0076

মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র ২৪ ঘণ্টা বাকি। গণনার প্রাক্কাল থেকেই জেলায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় সম্ভাব্য ভোট পরবর্তী অশান্তি রুখতে এবং জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।‎নির্বাচনী প্রচারের শুরু থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি ও রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে এসেছে। ভোটগ্রহণের দিনও একাধিক এলাকা উত্তপ্ত ছিল। প্রশাসনের আশঙ্কা, ফলাফল ঘোষণার পর জয়ী ও পরাজিত পক্ষের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।‎এই পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখা হবে। অতীতে যেসব এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাস বা বড় ধরনের সংঘর্ষ ঘটেছিল, সেখানে বিশেষ টহলদারির ব্যবস্থা করা হয়েছে।‎তিনি আরও জানান, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি জেলা পুলিশও সক্রিয় থাকবে, যাতে কোনওভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।‎এবার জেলায় চারটি মূল কেন্দ্রে ভোটগণনা অনুষ্ঠিত হবে—মেদিনীপুর কলেজ, মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় এবং ঘাটাল কলেজ। এই কেন্দ্রগুলিকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সর্বত্র নজরদারি ব্যবস্থা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে।‎গণনা কেন্দ্রগুলির সামনে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা যৌথভাবে গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

About Author

Advertisement