বানারহাট: পবিত্র ঈদের আগেই একটি পরিবারের ওপর নেমে এল শোকের ছায়া। কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, বানারহাট ব্লকের দক্ষিণ নুনখরডাঙ্গা এলাকার বাসিন্দা খতিবুর রহমান (৪৫) দীর্ঘদিন ধরে কেরালা রাজ্যে প্যান্ডেল তৈরির কাজ করতেন।
ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য তিনি আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনেছিলেন। কিন্তু কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক খবর বাড়িতে পৌঁছাতেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খতিবুর রহমানের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেলেও কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর ছেলে ভারী কাজ করতে পারেন না। ফলে পরিবারের সমস্ত দায়িত্ব খতিবুর রহমানের উপরই ছিল।










