ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করলেন ট্রাম্প
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন এবং যুক্তরাষ্ট্রেও ভোটদানের ক্ষেত্রে বৈধ পরিচয়পত্র (ভোটার আইডি) বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে হওয়া একটি আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ভারতের মতো বিশাল এক গণতান্ত্রিক দেশে বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে উল্লেখ করেন যে, ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচনে ৬৪ কোটি ৪৬ লাখ ভোটার অংশ নিয়েছিলেন এবং প্রত্যেকেরই বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল। তিনি মার্কিন নির্বাচনকে আরও নিরাপদ ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে দ্রুত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।










