মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ২২ জুন পেশ
কলকাতা: পশ্চিমবঙ্গে নবনির্বাচিত নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী ২২ জুন বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম আর্থিক নীতিপত্র হওয়ায় রাজনৈতিক ও সামাজিক মহলে তা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
মঙ্গলবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য মন্ত্রণা কমিটি (বিএসি) এবং সর্বদলীয় বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনের সম্পূর্ণ কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী উমেশ রায় সাংবাদিকদের জানান যে, গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন আগামী ১৮ জুন থেকে শুরু হবে।
অধিবেশনের প্রথম দিন, ১৮ জুন সকাল ১১টায় রাজ্যপাল আর. এন. রবি বিধানসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর তাঁর ভাষণের প্রত্যয়িত অনুলিপি বিধানসভার টেবিলে পেশ করা হবে এবং ধন্যবাদ প্রস্তাব আনা হবে।
পরের দিন, অর্থাৎ ১৯ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
পুরো অধিবেশনের মূল আকর্ষণ হবে ২২ জুন, যেদিন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবরণী (বাজেট) বিধানসভায় পেশ করবেন।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন বাজেটে রাজ্যের শিল্পোন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, পরিকাঠামোর সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রাজ্যের আর্থিক পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
বাজেট পেশের পর ২৩ ও ২৪ জুন রাজ্যপালের ভাষণ, জনস্বার্থ-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সাধারণ বাজেট নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র নীতিগত বিতর্কের সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে ২৫ জুন বাজেট নিয়ে আলোচনা অব্যাহত থাকার পাশাপাশি বিভিন্ন দপ্তরের অনুদানের দাবিগুলিও বিবেচনা করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে অধিবেশন সংক্ষিপ্ত বিরতির জন্য মুলতবি করা হবে।










