বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের টংতলা মাঠে জনসভা থেকে নির্বাচনী প্রচারে জোরালো সুরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতে তিনি বাবা সত্যনারায়ণ, রাধামাধব ও কালী মাতার স্মরণ করেন এবং বারুইপুরের জাগ্রত কালীপীঠ ‘শিবানি পীঠ’-এর দেবীসহ বিশালাক্ষী মাতাকে প্রণাম জানান।
সভায় কিছুটা দেরিতে পৌঁছানোর জন্য উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও মানুষের এই কষ্ট বৃথা যাবে না, বাংলার উন্নয়ন সুদ-সহ ফিরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, প্রথম দফার নির্বাচনে মানুষের অংশগ্রহণ স্বাধীনতার পর রেকর্ড এবং সেই দফাতেই শতাধিক আসন পাবে ভারতীয় জনতা পার্টি। তাঁর মতে, এবার বাংলায় পরিবর্তনের সরকার গঠিত হবে।
সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, চিকিৎসক ও বেসরকারি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের সম্মান ও শান্তি ফিরে আসবে। তৃণমূল পরাজিত হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব বলেও দাবি করেন তিনি। গত পনেরো বছরে রাজ্যের ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ তুলে তিনি দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন।
মহিলাদের আর্থিক স্বনির্ভরতার কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃশক্তির জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে এবং মাসিক আর্থিক সাহায্যের আশ্বাস দেন। চাকরি, বালি, মাটি ও জমি সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় নতুন যুগের সূচনা হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নের সমৃদ্ধ বাংলা গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসাথে কাজ করলে দিনরাত উন্নয়ন সম্ভব।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, একসময় জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা এই শিক্ষাপ্রতিষ্ঠানে এখন অরাজকতা দেখা যাচ্ছে। পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।
পানিহাটির সভায় তিনি শহরের নিকাশি সমস্যা, যানজট, অবৈধ নির্মাণ এবং পানীয় জলের সংকটের বিষয় তুলে ধরে রাজ্য সরকারকে দায়ী করেন। মধ্যবিত্তদের স্বস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার খরচ কমায় মাসে উল্লেখযোগ্য সঞ্চয় হচ্ছে।
তৃণমূলের শাসনে শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেকারত্ব বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে ‘নারীবিরোধী’ বলে কটাক্ষ করেন। সাম্প্রতিক অপরাধের ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রথম দফার ভোটে তার প্রতিফলন দেখা গেছে।










