খরিবাড়ি: নেপালের ৫ মার্চ নির্ধারিত সাধারণ নির্বাচনকে সামনে রেখে খরিবাড়ি অন্তর্গত পানিট্যাংকি স্থলবন্দরে ভারত–নেপাল সীমান্ত আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এই সময়কালে দুই দেশের নাগরিকদের যাতায়াত ও সীমান্তবর্তী বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। তবে রোগীবাহী যানবাহন পরিষেবা চালু রাখা হয়েছে। আগামী ৬ মার্চ সকাল থেকে সীমান্তে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পানিট্যাংকি এলাকার সীমান্ত বাণিজ্য মূলত নেপালি নাগরিকদের উপর নির্ভরশীল হওয়ায় স্থানীয় ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানিট্যাংকি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তী জানান, ক্ষতি অনিবার্য হলেও অতীতের তুলনায় প্রভাব তুলনামূলকভাবে কম হবে বলে আশা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা নেপালের নির্বাচনের ফলাফল ও নতুন সরকার গঠনের পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন।
এদিকে, হঠাৎ সীমান্ত বন্ধের ফলে মঙ্গলবার দুই দেশের বেশ কয়েকজন নাগরিক সীমান্ত এলাকায় আটকে পড়েন বলে জানা গেছে।









