নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে শ্রীলঙ্কার অভিযান শেষ

IMG-20260226-WA0004

কলম্বো: আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ রানে পরাজিত হয়ে শ্রীলঙ্কা ট্রফি জয়ের দৌড় থেকে ছিটকে গেল। বুধবার গ্রুপ ২-এর ম্যাচে এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল। এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
আজকের ম্যাচে জয় পেয়ে নিউজিল্যান্ড দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এ দ্বিতীয় স্থানে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলেই দুটিতেই হেরেছে।
আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। শুরুর ব্যর্থতায় একসময় তারা চরম চাপে পড়ে যায়, কারণ ৮৪ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেন।
স্যান্টনার ২৬ বলে ৪টি ছক্কা ও ২টি চার মেরে ৪৭ রান করেন। ম্যাককনচি ২৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন। এছাড়া রচিন রবীন্দ্র ২৩ রানের অবদান রাখেন।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান করতে সক্ষম হয়। ২৯ রানেই ৪ উইকেট পড়ে যাওয়ার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। কামিন্দু মেন্ডিস ৩১ এবং দুনিথ ওয়েলালাগে ২৯ রান করলেও তা যথেষ্ট হয়নি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে রচিন রবীন্দ্র সর্বাধিক ৪টি উইকেট নেন।

About Author

Advertisement