নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু নেদারল্যান্ডসের

নয়াদিল্লি:: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নেদারল্যান্ডস জয় দিয়ে তাদের অভিযান শুরু করল। মঙ্গলবার গ্রুপ এ-র ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে নামিবিয়াকে পরাজিত করে।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে। জবাবে নেদারল্যান্ডস ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ম্যাচ জিতে নেয়।
গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়ের সুযোগ হাতছাড়া হলেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নেমে নামিবিয়াকে কোনও সুযোগই দেয়নি নেদারল্যান্ডস। লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ ব্যাটার বাস ডি লিড অপরাজিত ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।
ওপেনার ম্যাক্স ও’ডাউডকে তৃতীয় ওভারে মাত্র ৭ রানে হারানোর পর ডি লিড দলের হাল ধরেন। ১৬ রানে প্রথম উইকেট পড়ার পর তিনি মাইকেল লেভিটের সঙ্গে জুটি বেঁধে স্কোর ৪৬ রানে পৌঁছে দেন। লেভিট ২৮ রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে কলিন আকারম্যানের সঙ্গে ডি লিডের ৭০ রানের জুটি গড়ে ওঠে। এই জুটিতে আকারম্যান করেন ৩২ রান।
তৃতীয় উইকেট পড়ার পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৩ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয় এনে দেন ডি লিড। তিনি ৪৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭২ রান করেন। এডওয়ার্ডস অপরাজিত থাকেন ১৮ রানে।
এর আগে ব্যাট করতে নেমে নামিবিয়া দ্রুত উইকেট হারায়। লরেন্স স্টেইনক্যাম্প মাত্র ৬ রান করে আউট হন। এরপর জান নিকোল লফটি-ইটন ও জান ফ্রাইলিঙ্ক দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে সামলান। ফ্রাইলিঙ্ক ৩০ রান করে আউট হওয়ার পর নামিবিয়া একের পর এক উইকেট হারাতে থাকে।
দলের পক্ষে সর্বাধিক ৪২ রান করেন জান নিকোল। তিনি ৩৮ বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন। জেজে স্মিট করেন ২২ রান এবং অধিনায়ক গেরহার্ড এরাসমাস যোগ করেন ১৮ রান।
নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বীক ও বাস ডি লিড নেন ২টি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য বাস ডি লিড ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

About Author

Advertisement