দেশের প্রথম রবিবাসরীয় বাজেটে ধস শেয়ারবাজারে

2-Union-Budget-2026-27-784x441

বাপন দাঁ

ঐতিহাসিকভাবে রবিবারে অনুষ্ঠিত প্রথম বাজেট হতাশ করল ভারতীয় শেয়ারবাজারকে। রবিবারের বিশেষ বাজেট অধিবেশনে নিফটি ৫০ সূচক পড়েছে প্রায় ৫০০ পয়েন্ট। অন্যদিকে সেনসেক্সে পতন ১,৫০০ পয়েন্টের বেশি। বাজারের বৃহত্তর অংশেই আজ বাজেটের প্রতিক্রিয়া হয় নেতিবাচক। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ২৫০ উভয় সূচকই কমেছে ২ শতাংশের বেশী। রবিবার ভোলাটিলিটি সূচক ভিক্স বেড়েছে ১০ শতাংশের ওপর। শুধু কিছুটা স্বস্তি পেয়েছেন তথ্যপ্রযুক্তির শেয়ারে বিনিয়োগকারীরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম বাজেট ভাষণে ঘোষিত সুসংহত সেফ হারবার মার্জিন প্রসার ভারতের আইটি পরিষেবা খাতের জন্য কর ব্যবস্থাপনা সহজ করবে। এতে নিফটি আইটি সূচক বেড়েছে ২০০ পয়েন্টের বেশী।

বাজার বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে ডেরিভেটিভস ট্রেডের উপর সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স (এসটিটি) বৃদ্ধির ঘোষণা বাজারের পতনের অন্যতম কারণ। এটি ফিউচার এবং অপশনস (এফঅ্যান্ডও) বিভাগে ফটকাবাজি লেনদেন নিয়ন্ত্রণের লক্ষ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এতে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) ভারতীয় বাজারে বিনিয়োগের আগ্রহ আরও কমতে পারে।

প্রতিরক্ষা খাতেও প্রত্যাশা মতো হয়নি কোনো বড় ঘোষণা। এতে প্রতিরক্ষা খাতের শেয়ারগুলোতে নেমেছে ধস। নিফটি ডিফেন্স সূচকে পতন হয়েছে ৫ শতাংশের বেশী। বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ব্যয় ১৫ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৭.৮৫ লক্ষ কোটি টাকা। জোর দেওয়া হয়েছে সেনাবাহিনীর আধুনিকীকরণের ওপর। আধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, কামান, ক্ষেপণাস্ত্র, রকেট এবং বিভিন্ন ধরনের চালকবিহীন ব্যবস্থা সহ নতুন অস্ত্র ও সরঞ্জাম কেনার ওপর দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা উৎপাদনকে উৎসাহ দিতে বিশেষ সুবিধা ঘোষণা না হওয়া সম্ভবত নিরাশ করে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারে লগ্নিকারীদের।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শেয়ার গুলিতেও দেখা যায় উল্লেখ্য পতন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভারতীয় ব্যাংকিং সেক্টরের বিস্তারিত পর্যালোচনার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব এই পতনের প্রধান কারন বলে মনে করা হচ্ছে।

এছাড়াও বাজার আশা করেছিল যে সরকার এফআইআই-এর সীমা বাড়াবে, কিন্তু এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বাজেটে। ২০২৭ অর্থবছরের জন্য মূলধনী ব্যয় ঘোষণা হয়েছে প্রত্যাশার চেয়ে কম।

মোটের ওপর শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কাছে রক্তকরবী রঙের কাঞ্জিভরম পরিহিতা অর্থমন্ত্রীর বাজেট থেকে যাবে বিশেষ রক্তাক্ত রবিবারের স্মৃতি হয়ে।

About Author

Advertisement