ইন্ডিয়ান ওয়েলস(আমেরিকা): বর্তমান চ্যাম্পিয়ন জ্যাক ড্রেপার প্রথম সেট হারানোর পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে বিএনপি পারিবাস ওপেন টেনিস প্রতিযোগিতার চতুর্থ পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ৪-৬, ৬-৪, ৭-৬ (৫) ফলে পরাজিত করেছেন।
হাতের চোটের কারণে প্রায় আট মাস কোর্টের বাইরে থাকার পর খেলায় ফিরে আসা ২৪ বছর বয়সী ব্রিটেনের খেলোয়াড় ড্রেপার এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন দানিল মেদভেদেভ। অন্য এক ম্যাচে মেদভেদেভ অ্যালেক্স মিশেলসনকে ৬-২, ৬-৪ ফলে পরাজিত করেন।
ড্রেপার ও জোকোভিচের মধ্যে ম্যাচের তৃতীয় সেট ছিল অত্যন্ত রোমাঞ্চকর। তৃতীয় সেটে এক সময় জোকোভিচ ৬-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। পরে ড্রেপার দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেটটিকে টাইব্রেকারে নিয়ে যান।
ম্যাচ শেষে ড্রেপার বলেন, এখনও মনে হয় না যে তিনি নিজের সেরা ফর্মে আছেন, তবে ভালো খেলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
উল্লেখ্য, রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৮ বছর বয়সী সার্বিয়ার খেলোয়াড় জোকোভিচ ২০০৮, ২০১১, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জিতেছিলেন।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের একাদশ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন জোকোভিচ, তবে ফাইনালে কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন।








