দিনহাটা: দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহে শুরু হলো ১৫ দিনব্যাপী মদনমোহনের রাসমেলা। এ বছর এই মেলা ৫২ তম বর্ষ। কোচবিহারের মদনমোহনের রাসমেলা শেষ হওয়ার তিন সপ্তাহের মাথায় দিনহাটার গিতালদহে শুরু হল ৫২ তম বর্ষ এই রাসমেলা। রবিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, গিতালদহ ১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কালোয়ার, আনোয়ারা বিবি,কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, সমাজকর্মী দেবশ্রী মোদক, মুক্তা রায় বর্মন প্রমূখ। ১৫ দিনব্যাপী মেলা চলবে চলতি মাসের শেষদিন পর্যন্ত। গিতালদহের হরিরহাট হাই স্কুলের মাঠ ও আশপাশ এলাকায় এই মেলাকে ঘিরে দোকানপাট বসেছে। রাসচক্র ছাড়াও রয়েছে পুতনা রাক্ষসী। এই মেলায় নাগরদোলা থেকে শুরু করে পুতুল নাচ সহ হরেক রকম দোকান নিয়ে ইতিমধ্যে হাজির হয়েছে ব্যবসায়ীরা। গিতালদহের এই মেলাকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে। মেলা কমিটিতে রয়েছে শান্তিরঞ্জন সরকার, লক্ষীপ্রসাদ কালোয়ার, আনারুল হক থেকে শুরু করে অনেকেই। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত গ্রামের এই মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।মেলা কমিটির সভাপতি রঞ্জিত কুমার রায়, সম্পাদক লক্ষীপ্রসাদ কালোয়ার জানান, ৫২ বছর আগে ধরলা নদী লাগোয়া দরিবস এলাকায় যতীন বর্মণ, যতীন্দ্রনাথ রায় পোদ্দার, প্রমোদ রঞ্জন রায়রা এই মেলা শুরু করেছিলেন। পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে তারা সেই মেলাকে নিয়ে আসে গিতালদহের হরিরহাটে। তারপর থেকেই প্রতিবছর কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসব ও মেলার পর এই মেলা হয়ে আসছে। মদনমোহনের রাস উৎসবের দিন মন্দির প্রাঙ্গণ পুজো করা হয়। তারপর প্রতিবছর কোচবিহারের মদনমোহনের রাসমেলা ছাড়াও মাতালহাটে রাস উৎসবের পর এই মেলার শুরু হয়। এবছরও মেলায় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে। ইতিমধ্যে নাগরদোলা ছাড়াও ব্যবসায়ীরা দোকানপাট বসাতে শুরু করেছে।









