কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ পর্যবেক্ষক হরপ্রীত কৌর। এদিন তিনি প্রথমে ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১০/১১৮ নম্বর বুথের ভোটগ্রহণ কেন্দ্র পল্লি কল্যাণ সি. এস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এরপর ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/৯৮ ও ১০/৯৯ নম্বর বুথের ভোটগ্রহণ কেন্দ্র বারবিশা হাইস্কুল পরিদর্শন করেন পুলিশ পর্যবেক্ষক হরপ্রীত কৌর। এদিন ভোটগ্রহণ কেন্দ্র গুলি ঘুরে দেখার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন হরপ্রীত কৌর।
এলাকায় কোনও রাজনৈতিক অশান্তি বা হিংসার পরিবেশ রয়েছে কিনা, কেউ ভোটারদের হুমকি দিচ্ছে কিনা – ভোটারদের সঙ্গে কথা বলে এইসব বিষয়ে জেনে নেন পুলিশ পর্যবেক্ষক। উল্লেখ্য, কুমারগ্রাম ও কালচিনি বিধানসভা কেন্দ্রের জন্য হরপ্রীত কৌরকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।











