এক দিনে নয়টি রোবোটিক সার্জারি, তবে সংখ্যার চেয়ে রোগীর চিকিৎসাই গুরুত্বপূর্ণ

IMG-20260929-WA0072

কলকাতা: ভারতের হাওড়ার নারায়ণা হাসপাতালে চতুর্থ প্রজন্মের দা ভিঞ্চি রোবোটিক সার্জিক্যাল সিস্টেমের সাহায্যে এক দিনে পরপর নয়টি রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতালের কনসালট্যান্ট–জেনারেল, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শশাঙ্ক শুক্লা এবং তাঁর দল এই অস্ত্রোপচারগুলি সম্পন্ন করেন।
অস্ত্রোপচারগুলির মধ্যে সবচেয়ে বয়স্ক রোগীর বয়স ছিল ৯০ বছর এবং সবচেয়ে কমবয়সী রোগীর বয়স ৩০ বছর। তাঁদের মধ্যে পিত্তথলি অপসারণ, হার্নিয়া মেরামত এবং অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়। জটিল ইনগুইনাল হার্নিয়া থেকে শুরু করে পেটের দেওয়ালের ভেন্ট্রাল হার্নিয়ার মতো সমস্যারও চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডা. শুক্লার মতে, এক দিনে নয়টি অস্ত্রোপচার করা কোনও রেকর্ড গড়ার উদ্দেশ্যে নয়। তাঁর কাছে প্রতিটি রোগীর শারীরিক ও চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অস্ত্রোপচার পদ্ধতি বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে রোবোটিক সার্জারির প্রতি রোগীদের আগ্রহ বাড়ছে। হাসপাতালেও সাধারণত প্রতিদিন এক থেকে দুটি রোবোটিক অস্ত্রোপচার হচ্ছে বলে তিনি জানান।
এই বিশেষ দিনটি তরুণ চিকিৎসক ও উদীয়মান সার্জনদের জন্য একটি ‘ওপেন ক্লাসরুম’-এর মতোও হয়ে ওঠে। বিভিন্ন ধরনের অস্ত্রোপচার সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের চিকিৎসকেরা আধুনিক রোবোটিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর অজিতকুমার বেল্লামকোন্ডা জানান, এই সাফল্য সার্জিক্যাল, অ্যানেস্থেশিয়া, নার্সিং এবং অন্যান্য সহায়ক দলের সমন্বিত প্রচেষ্টার ফল।
রোবট নিজে থেকে অস্ত্রোপচার করে না। দা ভিঞ্চি সিস্টেমে সার্জন কনসোলের মাধ্যমে রোবোটিক যন্ত্রগুলি নিয়ন্ত্রণ করেন। এর ফলে সূক্ষ্ম নড়াচড়া, উন্নত দৃশ্যমানতা এবং অস্ত্রোপচারের যন্ত্রের উপর অধিক নিয়ন্ত্রণ পাওয়া যায়। ডা. শুক্লার মতে, ভবিষ্যতে রোবোটিক সার্জারির চাহিদা আরও বাড়বে। রেকর্ড গড়া তাঁর লক্ষ্য না হলেও নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারলে তিনি খুশি হবেন।

About Author

Advertisement