লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটি তাদের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। অন্যদিকে চেলসি হতাশাজনক ড্রয়ে আটকে গেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটি নিউক্যাসলের বিরুদ্ধে ২–১ ব্যবধানে জয় লাভ করে। ম্যাচের তিনটি গোলই বিরতির আগে হয়। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫৬ শতাংশ বলদখল নিয়ে খেলা ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোলই করেন নিকো ও’রাইলি। তিনি ম্যাচের ১৪তম ও ২৭তম মিনিটে গোল করেন। নিউক্যাসলের হয়ে ২২তম মিনিটে গোল করেন লুইস হল।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। দশম স্থানে থাকা নিউক্যাসলের সংগ্রহ ৩৬ পয়েন্ট।
অন্যদিকে চেলসি বার্নলির বিরুদ্ধে ১–১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৬৭ শতাংশ বলদখল নিয়ে খেলা চেলসির সূচনা ভালো ছিল। চতুর্থ মিনিটেই জোয়াও পেদ্রো দলকে এগিয়ে দেন এবং সেই ব্যবধান বিরতি পর্যন্ত বজায় থাকে।
দ্বিতীয়ার্ধে চেলসি বড় ধাক্কা খায়। প্রতিপক্ষ খেলোয়াড়কে বিপজ্জনক ফাউল করার কারণে ৭২তম মিনিটে চেলসির রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসলি ফোফানাকে লাল কার্ড দেখানো হয়। দশজন নিয়ে খেলতে বাধ্য হওয়ার পর শেষ মুহূর্তে গোল হজম করে চেলসি। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জিয়ান ফ্লেমিং গোল করে বার্নলিকে ১–১ সমতায় ফেরান।
এই ড্রয়ের ফলে ৪৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। বার্নলি ১৯ পয়েন্ট নিয়ে উনিশতম স্থানে অবস্থান করছে।
অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ও লিডস ইউনাইটেডের ম্যাচ ১–১ গোলে ড্র হয়। ব্রাইটন ২–০ ব্যবধানে ব্রেন্টফোর্ডকে পরাজিত করে। ওয়েস্ট হ্যাম ও বোর্নমাউথের ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।










