আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি শেষ, দুই নাগরিকের মৃত্যু

AP24347548606526-1735381191

কাবুল: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বুধবার আবারও গুলিবর্ষণ শুরু হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত এই সংঘর্ষে অন্তত দুই জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে আফগান তালিবান কর্তৃপক্ষ।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের মুখপাত্র জিয়া-উর-রহমান স্পিংহার জানান, মুসলিমদের উৎসব ঈদ-উল-ফিতরের আগে দুই পক্ষই সংক্ষিপ্ত যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। তা শেষ হতেই পাকিস্তানি বাহিনী নরাই ও সারকানো জেলায় ডজনখানেক গোলা নিক্ষেপ করে। এর জবাবে আফগান সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ব্যবস্থা নেয়। স্পিংহার দাবি করেন, তারা পাকিস্তানের তিনটি সামরিক চৌকি ধ্বংস করেছে এবং এক ব্যক্তিকে হত্যা করেছে।
তবে তাঁর এই দাবির স্বাধীনভাবে নিশ্চিতকরণ সম্ভব হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি। উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ আফগান বাহিনীর বিরুদ্ধে একাধিক এলাকায় গুলিবর্ষণ শুরুর অভিযোগ করেছে।
সৌদি আরব, তুরস্ক এবং কাতার-এর অনুরোধে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা বন্ধ রাখার বিষয়ে দুই পক্ষের সম্মতির প্রায় এক সপ্তাহ পরই এই সহিংসতার ঘটনা ঘটল।

About Author

Advertisement