তেল আভিভ: ভারতের মণিপুর ও মিজোরামে বসবাসকারী ‘বনি মেনাশে’ সম্প্রদায়ের জন্য বৃহস্পতিবার দিনটি ঐতিহাসিক হয়ে উঠল। ইসরায়েল সরকারের উদ্যোগে ২৫০ জন ইহুদির প্রথম দল দিল্লি হয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছে।
ধর্মগ্রন্থে ‘হারিয়ে যাওয়া জনজাতি’ হিসেবে পরিচিত এই সম্প্রদায়ের সদস্যদের জন্য নিজেদের পূর্বপুরুষের ভূমিতে প্রত্যাবর্তন প্রায় আড়াই হাজার বছর পর বাস্তবে রূপ পেল।
ইসরায়েলের অভিবাসন মন্ত্রী ওফির সোফার বিমানবন্দরে নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ভারতের এই সম্প্রদায়ের মোট ৪,৬০০ সদস্যকে ধাপে ধাপে ইসরায়েলে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। সেই অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় ১,২০০ জনকে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত দুই দশকে ইতিমধ্যেই প্রায় ৫,০০০ বনি মেনাশে ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৭২২ সালে আসিরীয় সাম্রাজ্যের কাছে পরাজয়ের পর এই সম্প্রদায় পারস্য, তিব্বত ও চীন হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে। এখন ইসরায়েল সরকার তাদের নাগরিকত্ব প্রদান করে মূল সমাজের সঙ্গে পুনরায় যুক্ত করছে।









