মেলবোর্ন: সার্বিয়ার কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতার পুরুষ এককের ফাইনালে জায়গা করে নিয়েছেন। চতুর্থ বাছাই জোকোভিচ শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালির তারকা খেলোয়াড় ইয়ানিক সিনারকে ৪ ঘণ্টা ৯ মিনিট ধরে চলা রোমাঞ্চকর ম্যাচে ৩–৬, ৬–৩, ৪–৬, ৬–৪, ৬–৪ ব্যবধানে পরাজিত করেন।
এই জয়ের ফলে জোকোভিচ তাঁর কেরিয়ারের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন। ফাইনালে তাঁর মোকাবিলা হবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজের সঙ্গে। শীর্ষ বাছাই আলকারাজ প্রথম সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জ্ভেরেভকে কঠিন লড়াইয়ে ৬–৪, ৭–৬, ৬–৭, ৬–৭, ৭–৫ ব্যবধানে হারান।
বর্তমান চ্যাম্পিয়ন সিনারকে পরাজিত করে ৩৮ বছর বয়সি জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানো ওপেন যুগের সর্বাধিক বয়স্ক খেলোয়াড় হিসেবে নজির গড়েছেন। রবিবার তিনি ১১তম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন।
এর আগে আলকারাজ ম্যারাথন সেমিফাইনালে তৃতীয় বাছাই জ্ভেরেভের চ্যালেঞ্জ অতিক্রম করেন। আলকারাজ ও জ্ভেরেভের মধ্যকার সেই ম্যাচটি চলে ৫ ঘণ্টা ২৭ মিনিট। আলকারাজ এখন তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্যেই লড়াইয়ে রয়েছেন।










