মুম্বই: মহারাষ্ট্রে অটো, ট্যাক্সি ও ক্যাবচালকদের জন্য প্রাথমিক মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা নিয়ে বিতর্কের মধ্যেই অভিনেতা সঞ্জয় দত্তের একটি মন্তব্য আলোচনায় এসেছে।
রবিবার ঠাণেতে শিবসেনা (শিন্দে গোষ্ঠী)-র নেতা ও মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইকের আয়োজিত দহি হান্ডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত। মঞ্চে উঠে তিনি হিন্দিতে বক্তব্য শুরু করলে মন্ত্রী সরনাইক তাঁকে মারাঠিতে কথা বলার অনুরোধ করেন। তবে সঞ্জয় দত্ত মজার ছলে মারাঠিতে কথা বলতে অস্বীকার করেন।
তিনি বলেন, “আমি ৬ বছর ইয়ারওয়াড়া জেলে ছিলাম, তখনও মারাঠি শিখতে পারিনি।” তাঁর এই জবাবের পর মঞ্চে হাসির পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে মন্ত্রী সরনাইক বলেন, বর্তমানে তিনি সবাইকে মারাঠি শেখাচ্ছেন। তাই সঞ্জয় দত্ত অনুষ্ঠানে আসার পর তাঁর সঙ্গেও মারাঠিতে কথা বলানোর কথা ভেবেছিলেন। তিনি আরও বলেন, দত্ত হিন্দিতে কথা বললেও অনুষ্ঠানে উপস্থিত সবাই হিন্দি বোঝেন।
মহারাষ্ট্র সরকার গণপরিবহণ ক্ষেত্রে কর্মরত চালকদের জন্য চলনসই মারাঠি জানা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়ার পর থেকেই ভাষা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এই বিতর্কের মধ্যেই সঞ্জয় দত্তের মন্তব্য সামনে আসে।





