এটি ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত
মস্কো: রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের নৌবাহিনীতে ‘পার্ম’ নামে একটি নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যুক্ত করেছে, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। গত শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং সাবমেরিনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন। জানা গেছে, এটিই প্রথম সাবমেরিন যা রাশিয়ার ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত।
রুশ নৌবাহিনীর চতুর্থ প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন ‘পার্ম’ হলো ‘প্রজেক্ট ৮৮৫’ সিরিজের ষষ্ঠ জলযান, যা উন্নত ‘প্রজেক্ট ৮৮৫এম’ বা ‘ইয়াসেন-এম’ শ্রেণির নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। ইউরাল পর্বতমালার নিকটবর্তী একটি শহরের নামানুসারে রাখা এই নামটি বহনকারী এটি দ্বিতীয় সাবমেরিন; এর আগে ‘বি-২৯২ পার্ম’ নামে ‘প্রজেক্ট ৬৭১আরটিএমকে’ শ্রেণির একটি সাবমেরিন রুশ নৌবহরে দায়িত্ব পালন করেছিল।
প্রেসিডেন্ট পুতিনের ভাষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যুক্ত করা হবে, যার মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। যেকোনো মহাসাগরে কার্যক্রম পরিচালনায় সক্ষম এই সাবমেরিনগুলো বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং পারমাণবিক হামলার ক্ষেত্রে পাল্টা আঘাত হানার (সেকেন্ড-স্ট্রাইক) সক্ষমতাকে জোরদার করে।
এই সাবমেরিনগুলো থেকে নিক্ষেপযোগ্য ‘৩এম২২ জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজ ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর আঘাত হানার পরিসীমা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে—যা ৪০০ থেকে ১,০০০ কিলোমিটারের মধ্যে বলে মনে করা হয়—এবং এর ওয়ারহেডের ওজন প্রায় ৩০০–৪০০ কিলোগ্রাম বলে জানা গেছে। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন যে, জিরকনের গতি শব্দের গতির নয় গুণ।





